মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-
তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসনের তৎপর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলার তিস্তা নদীতে তিন ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এতে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রওশন কবির। অভিযানে নিরাপত্তা সহায়তা প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ সদস্য এবং পুলিশের একটি চৌকস দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, ‘তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত থাকবে।’
উপজেলা প্রশাসনের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং তারা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Post a Comment