মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) জেলা নীলফামারী প্রতিনিধি:-
অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে তিন সক্রিয় প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার (২৯ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা জেলার হলুদবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে শামীম হোসেন (৩০) অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েন। ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি বিকাশের মাধ্যমে বিভিন্ন ধাপে তার কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।
প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী শামীম মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—
- খাইরুল ইসলাম (২২), পিতা: আমিনুল ইসলাম হামু, ঠিকানা: নিতাই কাচারীপাড়া, কিশোরগঞ্জ
- শাহীন ইসলাম (২৫), পিতা: আমিনুল ইসলাম হামু, একই ঠিকানা
- তুহিন (২২), পিতা: নয়মুল ইসলাম, কিশোরগঞ্জ
ভুক্তভোগী শামীম হোসেন জানান, “অস্ট্রেলিয়া পাঠানোর নামে তারা ধাপে ধাপে আমার কাছ থেকে ২৪ লাখ টাকা নিয়েছে। কাজ না হওয়ায় পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি।”
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত চলমান, প্রয়োজনে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”

Post a Comment